প্রকাশিত: Fri, Mar 24, 2023 11:55 PM
আপডেট: Fri, Jun 5, 2026 2:56 AM

স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা

বগুড়ার ছন-তালপাতার ঝুড়ি যাচ্ছে ইউরোপ-আমেরিকায়

আইনুর ইসলাম: এ ঝুড়িগুলো উন্নত দেশে পোষা প্রাণীর জন্য ব্যবহার করা হয়। সাধারণত উন্নত জাতের বিড়াল, কুকুরসহ আরও অন্যান্য প্রাণীদের জন্য এটি অত্যন্ত উপযোগী ও আরামদায়ক হওয়ায় বিদেশে এর চাহিদা অনেক। আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, জাপান ও মালয়েশিয়াসহ উন্নত দেশগুলোতে  রপ্তানি করা হয় এ ঝুড়ি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বগুড়ার শেরপুরে এ ধরনের ঝুড়ি বানানো শুরু হয় অন্তত ৪০ বছর আগে। হাফুনিয়া গ্রাম ও এর আশেপাশের কয়েক গ্রামের ২০ হাজার নারী-পুরুষ এ পেশার সঙ্গে জড়িত। বিশেষ করে নারীরা এ পেশাকে অনেক নিরাপদ ও সহজ মনে করে।

একজন নারী প্রতিদিন ১০ ঘণ্টা কাজ করলে সাড়ে ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। বিনা খরচে ঘরে বসে কাজ করে এমন আয় বেশির ভাগ নারীরই পছন্দ। হাফুনিয়া গ্রামের রাজিব মণ্ডল জানিয়েছেন, এ এলাকায় প্রায় ৪০ বছর আগে ছন ও তালপাতা দিয়ে প্রথম এ ধরনের ঝুড়ি বানানো হয়। তবে সময়ের  সঙ্গে সঙ্গে  কিছু নতুন নতুন মডেল ও ছন-তালপাতার  সঙ্গে প্লাস্টিকের সুতা ও পাটের সুতলি ব্যবহার করে আরও উন্নত ঝুড়ি বানানো সম্ভব হচ্ছে।

তিনি আরো জানিয়েছেন, বর্তমান বিদেশের বাজার পরিস্থিতি মন্দ চলছে। বর্তমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সব দেশেই বাজার নেমে এসেছে। দ্রুত বাজার সৃষ্টি না হলে ব্যবসায় লোকসান হবে। ইতোমধ্যে উৎপাদন কমে গেছে। আর রপ্তানিও ৩০ শতাংশ নেমে এসেছে।

ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ধরনের আকার অনুসারে এ ঝুড়িগুলো বিক্রি করা যায়।  বড় আকারের ঝুড়িগুলো ৩০০ টাকা থেকে ৬০০ টাকার বেশি বিক্রি হয়। তবে এক এক দেশে তাদের চাহিদা অনুসারে এ দাম কম বেশি হয়। সম্পাদনা : মুরাদ হাসান